এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগটা শুরু হয়েছে রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি দিয়ে। গত ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটান্সের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তার ৬০ বলে ১০১* রানের ইনিংসে দুই বল হাতে রেখে ১৯০ রান তাড়া করে জিতেছে রাজশাহী। এরপর মাঝের পাঁচ ইনিংসে কোনো ফিফটি না এলেও ছিল ত্রিশোর্ধ দুটি ইনিংস। তবে রোববার রংপুর রাইডার্সের বিপক্ষে আবারও জ্বলে উঠল তার ব্যাট। ৪২ বলে ৬ চার ও ৪ ছক্কায় করেছেন ৭৬ রান।
যদিও ২০২৫ সালের মে মাসের পর থেকে বাংলাদেশের টি-টোয়েন্টি সেট আপে নেই এই বাঁহাতি ব্যাটার। নিজের ব্যাটিং ব্যর্থতায় শর্টার ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়েছিলেন এর আগে। এরপর বাদই পড়ে গেছেন দল থেকে। জায়গা হয়নি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলেও। অবশ্য শান্তর দলে জায়গা না পাওয়ার নেপথ্যে অন্যতম অন্তরায় তার ব্যাটিং পজিশন। এবাররে বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পথে সব কয়টি ইনিংসেই ব্যাট করেছেন তিন নম্বর পজিশনে। ৭ ইনিংসে ১৪৮.৭০ স্ট্রাইকরেটে ৪৭.৮৩ গড়ে করেছেন ২৮৭ রান।
তবে তার ব্যাটিং পজিশনে জাতীয় টি-টোয়েন্টি দলে ব্যাট করেন স্বয়ং অধিনায়ক লিটন দাস। যে কারণে তার জন্য বিশ্বকাপ দলে জায়গা নেই বললেই চলে। এর সাথে টপ অর্ডারে আছেন আরো দুই বাঁহাতি পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। সেখানে আরো একটা বাঁহাতি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট চাইবে না, সেটাই স্বাভাবিক।
যদিও আগামী ২১ জানুয়ারি পর্যন্ত বিশ্বকাপের দল রদবদলের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সেই সিদ্ধান্তে শেষ মুহূর্তে কোনো বদল না আসার সম্ভাবনাই বেশি। কারণ গেল এক বছর ধরে প্রায় একটা দলই খেলছে টি-টোয়েন্টিতে। অবশ্য প্রধান নির্বাচক কারো জন্যই বিশ্বকাপের দুয়ার বন্ধ করে দেননি। জানিয়েছিলেন, কেউ দারুণ কিছু করলে বিশ্বকাপ দলে শেষ মুহূর্তে ডাক পেতেও পারেন।
রংপুরের বিপক্ষে রান তাড়ায় নেমে দলীয় ১৩ রানেই ওপেনার তানজিদের উইকেট হারায় রাজশাহী। তবে দ্বিতীয় উইকেটে মোহাম্মদ ওয়াসিমকে সাথে নিয়ে গড়েন ৮২ বলে ১৪২ রানের বিশাল জুটি। সেখানেই নিশ্চিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। তিনে নেমে শুরু থেকেই রংপুরের বোলারদের ওপর পাল্টা আক্রমণ চালান শান্ত। ২৯ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ছুঁয়েছেন ফিফটি। এরপরের ১৩ বলে তুলেছেন আরো ২৪ রান। অবশ্য যখন মোস্তাফিজুর রহমানের বলে আউট হন, ততক্ষণে জয় প্রায় নিশ্চিতই হয়ে গেছে তাদের।
দারুণ এই ইনিংসের পর ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে আসেন শান্ত। সেখানেই তার কাছে জানতে চাওয়া হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নিজের জায়গা তিনি দেখেন কিনা। যেহেতু আগামী ২১ জানুয়ারি পর্যন্ত দলে বদলের সুযোগ রয়েছে। তবে শান্ত সাফ জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের দল নিয়ে তিনি একেবারেই ভাবছেন না, ‘আমি যতটুকু জানি বিশ্বকাপ টিম তো দিয়ে দিয়েছে। আমি তাই জানি। সেটা তো আসলে আমি মানে এটা নিয়ে আমি চিন্তাও করি নাই। আমার মূল ফোকাস যে আমি কিভাবে আমি প্রতিদিন ইম্প্যাক্ট রাখতে পারি।’
শান্ত একইসাথে জানিয়েছেন যেভাবে খেলছেন, সেটা যথেষ্ট না। আরো ভালো করার সুযোগ তার রয়েছে। যেহেতু মাঝের দুটি ইনিংসে সেট হয়েও বড় রান করতে পারেননি। শান্ত বলেন, ‘আমার কাছে মনে হয় যে স্টিল নট এনাফ, আমি যেভাবে ব্যাটিং করেছি। এখানে আরো সুযোগ আছে। আমি চেষ্টা করব নেক্সট ম্যাচে যদি আবার সুযোগ পাই আবার দলের উপর ইম্প্যাক্ট রাখার। সিলেকশন আসলে আমার কন্ট্রোলে নাই। এখানে কোচ, ক্যাপ্টেন, সিলেক্টররা যেটা টিমের জন্য ভালো মনে করেছেন সেটাই আসলে করেছেন। বাট আমার কাজ রেগুলার পারফর্মেন্সটা রেগুলার করার চেষ্টা করছি।’


