জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থী গোলাম রব্বানীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, ইংরেজি বিভাগের ৫১তম আবর্তনের এক শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী রব্বানীর বিরুদ্ধে সাইবার বুলিং, অশালীন ভাষা ব্যবহার ও হুমকিমূলক আচরণের অভিযোগ ওঠে।
ঘটনাটি তদন্তে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত ‘শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ধারা অনুযায়ী একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটিতে সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তামালিকা সুলতানাকে সভাপতি করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর মো. আল-আমিন খান, সহকারী প্রক্টর সামসুজ্জোহা খন্দকার ও সাদাহাত হোসেন। ডেপুটি রেজিস্ট্রার মো. সোহেল রানা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিকে, আলাদা এক অফিস আদেশে জানানো হয়েছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধির ৪ (১) (খ) ধারা অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থী গোলাম রব্বানীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ কার্যকর থাকা অবস্থায় তিনি ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না।
সম্প্রতি ক্যাম্পাসের একটি দেয়াল গ্রাফিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন রব্বানী। ভিডিওটির মন্তব্য অংশে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মনিষা সরকার আপত্তি জানালে তাকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করা হয় বলে অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন।


