চাঁদপুরে মাদক কেনার টাকার জন্য বাবা মো. মুছাব্বর গাজীকে (৬০) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার দায়ে ছেলে মো. হোসেন গাজীকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হোসেন গাজী চাঁদপুর সদর উপজেলার উত্তর ইচুলী গ্রামের। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, হোসেন গাজী ছিলেন মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই তার বাবার সঙ্গে ঝগড়া-বিবাদ ও মারধর করতেন। তাকে চিকিৎসার্থ ঢাকার মাদক নিরাময় কেন্দ্রেও পাঠানো হয়েছিল, কিন্তু কোনো পরিবর্তন হয়নি।
২০১৮ সালের ১৬ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ হোসেন ঘরে শুয়ে থাকা অবস্থায় তার বাবা মুছাব্বর গাজীর মাথায় দা দিয়ে দুটি কোপ দেন। শয্যা থেকে উঠে আত্মরক্ষার চেষ্টা করলে দ্বিতীয় কোপে তার হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে শহরের ওয়ারল্যাস বাজার এলাকায় তার মৃত্যু হয়।
ঘটনার দিন নিহত মুছাব্বরে বড় ছেলে মো. আলম গাজী (৪২) বাদী হয়ে ছোট ভাই হোসেন গাজীকে আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
পুলিশ ১৭ নভেম্বর আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন তৎকালীন উপপরিদর্শক (এসআই) মোমিনুল ইসলাম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কোহিনুর রশিদ জানান, মামলাটি চলমান অবস্থায় আদালত ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষ্যপ্রমাণ, নথিপত্র পর্যালোচনা এবং আসামি অপরাধ স্বীকার করায় বিচারক এই রায় দেন।


