দেশের সব বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে ধাপে ধাপে ফ্রি ইন্টারনেট সুবিধা চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি।
সোমবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুর সফর শেষে রাতে ঢাকায় ফেরার পথে তিনি কিউআর কোড স্ক্যান করে এ সেবার উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেন, সরকারের এই উদ্যোগের আওতায় দেশের সব বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ধাপে ধাপে ইন্টারনেট সুবিধা চালু করা হবে।
তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশের গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে ‘বিনামূল্যে পাবলিক ইন্টারনেট’ চালু করা হচ্ছে। এর আওতায় রেলওয়ে স্টেশন, বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে জনগণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
প্রেস সচিব জানান, ইতোমধ্যে কক্সবাজার ও রাজশাহী বিমানবন্দর এবং ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কক্সবাজার রেলওয়ে স্টেশনে এই সেবা চালু হয়েছে।
তিনি আরও বলেন, এই সেবা চালুর ফলে জনগণ সহজেই ইন্টারনেট ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান, অনলাইন যোগাযোগ এবং ভ্রমণসংক্রান্ত কাজ করতে পারবেন। সরকারের ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবে দেশব্যাপী এই সুবিধা বাড়ানো হচ্ছে।


