পর্যায়ক্রমে সারা দেশের প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সোমবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিকেএসপির আঞ্চলিক কার্যালয় নির্মাণের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিকেএসপির সব কার্যালয়ে সুযোগ-সুবিধা বাড়াতে ইতোমধ্যে মহাপরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে।
আগামী দিনে নতুন কুঁড়ির খেলোয়াড়রা বিকেএসপিতে ভর্তি হতে পারবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘নারী খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করাসহ খেলায় সুশাসন নিশ্চিত করতে আমরা কাজ করছি।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই সব দিকগুলো বিচার বিশ্লেষণ করছেন এবং আমাদের নির্দেশনা দিচ্ছেন। খুব বেশি দিন হয়নি, মাত্র আড়াই মাস হয়েছে আসরা সরকার গঠন করেছি। এ সময়ের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী ইতোমধ্যে নির্বাচনের যে ইশতেহার ছিল, তার অনেক কিছুই উদ্বোধন করেছেন। আগামী পাঁচ বছরে আমাদের যে বৃহৎ পরিকল্পনা রয়েছে, তা পর্যায়ক্রমে নিশ্চিত করতে পারব বলে আমরা বিশ্বাস করি।’


