সবকিছুতে ইসলামের দোহাই দেওয়া ঠিক নয়, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সবকিছুতে ইসলামের দোহাই দেওয়া ঠিক নয়, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: বাসস
Advertisement
Advertisement

ইসলামী ব্যাংককে ঘিরে চলমান বিতর্কের মধ্যে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ‘ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামও ইসলাম নয়। সবকিছুতে ইসলামের দোহাই দেওয়া ঠিক নয়।’

মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্যদের সমালোচনার জবাবে এ মন্তব্য করেন তিনি। ইসলামী ব্যাংকের শীর্ষ পদে সাম্প্রতিক রদবদল, গ্রাহক বিক্ষোভ এবং সাবেক এমডির পদত্যাগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য দেন বিরোধী দলের এমপিরা।

এর আগে জামায়াতের আমির শফিকুর রহমানও মন্তব্য করেছিলেন, একটি নতুন ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে অযোগ্য ব্যক্তিকে বসানো হয়েছে।

সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বিরোধী দলের সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, বিগত সরকারের আমলে ২৬ ভুয়া কোম্পানি গঠন করে ইসলামী ব্যাংক থেকে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা সরিয়ে নিয়েছিল এস আলম গ্রুপ। আর এখন বর্তমান সরকার ব্যাংকটিতে কিছু বিতর্কিত লোককে বসিয়েছে। এর মাধ্যমে জনগণের টাকা পুনরায় লুটপাট হবে, এটা অত্যন্ত পরিষ্কার।

আরও পড়ুন

তিনি প্রশ্ন তোলেন, কোন কারণে একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে চেয়ারম্যান করা হলো এবং কোন কারণে আগের এমডিকে পদত্যাগ করতে বাধ্য করা হলো? ইসলামী ব্যাংককে যদি স্বাভাবিক প্রক্রিয়ায় চলতে না দেওয়া হয়, তবে দেশে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চেয়ারম্যান থেকে শুরু করে বোর্ড অব ডিরেক্টরের সবাইকে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক অব্যাহতি দিতে পারে। এ বিষয়ে যদি কোনো প্রশ্ন তুলতে হয়, তবে আইন পরিবর্তন করে আসতে হবে।

অভিযোগ করে সালাউদ্দিন আহমদ বলেন, ব্যাংকে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে একটি মহল পর্দার আড়ালে থেকে ‘গ্রাহক’ সেজে আন্দোলন করাচ্ছে। বিরোধী দল বিরোধী দলের ভূমিকা পালন করুক, তাতে আপত্তি নেই। কিন্তু বারে বারে এভাবে পর্দার আড়ালে ও পর্দার বাইরে প্রচারণা চালিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না।

সংসদকে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের বৈধ শেয়ারহোল্ডারদের শেয়ার যথাযথভাবে হস্তান্তর করা হবে। এ ছাড়া, নাবিল গ্রুপসহ যারা ব্যাংক থেকে টাকা নিয়ে আর ফেরত দেয়নি, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করা হবে। একই সঙ্গে, বিগত সময়ে নিয়ম না মেনে ব্যাংকটিতে যে ৯ হাজার কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছিল, সেই বিষয়টিও তদন্তের আওাতে আনা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad