ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানান এবং সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে সড়কে সতর্ক থাকার আহ্বান জানান।
জোভানের ভাষ্য অনুযায়ী, কয়েকদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল চালানোর সময় তিনি দুর্ঘটনার মুখোমুখি হন। তবে সৌভাগ্যবশত বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
ঘটনার কথা জানিয়ে অভিনেতা লিখেছেন, ‘কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক দুর্ঘটনার শিকার হই। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি। তবে এই ঘটনা আমাকে জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।’
দুর্ঘটনার অভিজ্ঞতা থেকে তিনি বলেন, সড়কে চলার সময় অনেকেই মনে করেন একটু বেশি গতিতে চললে সমস্যা হবে না কিংবা নিজের দক্ষতার ওপর অতিরিক্ত আস্থা রাখেন। কিন্তু দুর্ঘটনা কখন, কোথায় এবং কীভাবে ঘটবে, তা আগে থেকে অনুমান করা সম্ভব নয়। মুহূর্তের অসাবধানতাই জীবনে বড় বিপর্যয় ডেকে আনতে পারে।
সবার উদ্দেশে তিনি হেলমেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরে বলেন, মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে। কারণ প্রতিটি মানুষের জন্য অপেক্ষা করে থাকে তার পরিবার ও প্রিয়জন। গন্তব্যে কয়েক মিনিট দেরিতে পৌঁছানো ক্ষতির নয়, নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
জোভানের এই পোস্ট প্রকাশের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকে মন্তব্যে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি সড়ক নিরাপত্তা নিয়ে তার সচেতনতামূলক বার্তারও প্রশংসা করেছেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় জোভান। ব্যক্তিগত অভিজ্ঞতা, কাজের খবর এবং বিভিন্ন সচেতনতামূলক বার্তার মাধ্যমে তিনি নিয়মিত ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন।


