ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
চলতি মাসে ১২ কেজি এলপিজির দাম দাম পড়বে ১ হাজার ২৫৩ টাকা। সে হিসাবে প্রতি কেজির দাম পড়ছে ১০৪ টাকা ৪১ পয়সা।
মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলন করে এলপিজির মূল্য ঘোষণা করে বিইআরসি। এদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।
নভেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২১৫ টাকা, যা ছিল তার আগের মাসের চেয়ে ২৬ টাকা কম।
ডিসেম্বর মাসের জন্য যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। প্রতি লিটারে ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে মূসকসহ অটোগ্যাসের নতুন দাম ঠিক করা হয়েছে ৫৭ টাকা ৩২ পয়সা।
নভেম্বরে প্রতি লিটারের দাম ছিল ৫৫ টাকা ৫৮ পয়সা ছিল, যা ছিল তার আগের মাসের চেয়ে ১ টাকা ১৯ পয়সা কম।
এর আগের মাসে এই দাম ছিল ৪৬৫ টাকা ২৫ পয়সা। তার মানে এক মাসের ব্যবধানে বিশ্ববাজারে এলপিজির দাম বেড়েছে প্রতি টনে প্রায় ২৩ ডলার।
২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।
প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।
আমদানিকারক কোম্পানির চালান (ইনভয়েস) মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে বিইআরসি।
এবার প্রোপেন ও বিউটেনের গড় সিপি ৪৮৮ দশমিক ৫০ ডলার বিবেচনায় নিয়ে নতুন দর ঠিক করেছে বিইআরসি।


