ঈদে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন-থ্রিলার চলচ্চিত্র ‘মাসুদ রানা’ এবার দেশের আরও বেশি সিনেমা হলে মুক্তি পেয়েছে। কত নাসির পরিচালিত ছবিটি শুক্রবার থেকে দেশের ৩২টি সিনেমা হলে একযোগে চলছে।
বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’কে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল রানা। মুক্তির পর গত দুই সপ্তাহ ধরে ছবিটি দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হয়েছে।
নির্মাতা সৈকত নাসির জানিয়েছেন, এবার রাজধানী ঢাকার ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও শ্যামলী সিনেমাসসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে। ঢাকার বাইরে যশোরের মণিহার, পাবনার রূপকথা, ময়মনসিংহের ছায়াবাণী, বগুড়ার মম ইন, বরিশালের অরিরুচি এবং খুলনার সংগীতসহ একাধিক জনপ্রিয় হলে চলছে ‘মাসুদ রানা’।
এদিকে ছবিটির প্রযোজক আব্দুল আজিজ জানিয়েছেন, ঈদের ব্যস্ততার কারণে মুক্তির সময় কিছু কারিগরি ও উপস্থাপনাগত অসঙ্গতি থেকে গিয়েছিল। সেগুলো পর্যালোচনা করে সংশোধন করা হয়েছে। ফলে এ সপ্তাহে মুক্তিপ্রাপ্ত সংস্করণে দর্শকরা আরও পরিমার্জিত অভিজ্ঞতা পাবেন বলে আশা করছেন তিনি।
চলচ্চিত্রটিতে রাসেল রানার বিপরীতে সোহানা চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী। এছাড়া অবনিতা চরিত্রে দেখা যাবে সৈয়দা তৌহিদা হক তিথীকে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, টাইগার রবি, মাসুম বাশার ও জেবা জান্নাত।


