১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ পরাজিত শক্তিকে সেই সুযোগ দেবে না বলেও মনে করেন তিনি।
মঙ্গলবার বিজয় দিবসের সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্টাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘স্বাধীনতার শত্রুরা, যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আজকে তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। কিন্তু বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী মানুষ তাদের সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে, গণতন্ত্রকে রক্ষা করবে।’
বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার যে সংগ্রাম তা বিএনপি সবসময় অব্যাহত রাখবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা শপথ নিয়েছি যে গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছি, যে লড়াই করছি সেটাকে আমরা অবশ্যই অব্যাহত রাখব।’
এসময় দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান তিনি। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার দোয়া চান।
তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে বলেন, ‘আশা করছি আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে আসবেন। তার এই দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে সংগ্রামকে বেগবান করে সেটাই আমাদের প্রত্যাশা।’
সকাল ১০টায় বিএনপি মহাসচিব দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময়ে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমদ,চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর বিএনপির আমিনুল হক, তানভীর আহমেদ রবিনসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


