ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে ডালবাহী ট্রাক নদে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে শনিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক সোহেল শেখ (২৭) পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের আবুল কালাম শেখের ছেলে এবং হেলপার মুবারক হোসেন (২০) একই গ্রামের জাফর মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, রাতে যশোর থেকে একটি ডালবাহী ট্রাক পাবনা যাচ্ছিল। পথে গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজের ওপর পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। রোববার ভোরে মুবারক হোসেন ও সকাল ৮টার দিকে চালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়।
পরে ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ঘটনাস্থল পরিদর্শন করেন।


