দুই বছরের শিশু আনিফা আক্তারের চিকিৎসা ব্যয় বহনে অক্ষম তার পরিবার-এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক শাহ মোহাম্মদ আমানুল্লাহ আমানের পরিকল্পনা অনুযায়ী ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যায়।
প্রতিনিধিদলটি শিশু আনিফা আক্তারকে দেখে। তার চিকিৎসা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে এবং প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম সমন্বয়ের উদ্যোগ নেয়।
প্রতিনিধিদলের সদস্যরা আনিফার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন, শিশুটির প্রয়োজনীয় চিকিৎসার বিষয়ে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। একই সঙ্গে তারা পরিবারের কাছে প্রধানমন্ত্রীর আন্তরিক সহমর্মিতা ও শুভকামনার বার্তা পৌঁছে দেন।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু কার্ডিওলাজি বিভাগের প্রধান জাহিদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড আনিফা আক্তারের সার্বিক শারীরিক অবস্থা, চিকিৎসা-সংক্রান্ত নথি এবং বিভিন্ন পরীক্ষার ফলাফল পর্যালোচনা করেন। পর্যালোচনা শেষে বিশেষজ্ঞরা জানান, শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত জটিল ও সংকটাপন্ন।
মেডিকেল বোর্ড আরও জানায়, চীন থেকে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম বাংলাদেশে পৌঁছালে আনিফা আক্তারের শারীরিক পরিস্থিতি তাদের সামনে উপস্থাপন করা হবে। দেশীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে চীনা দলের যৌথ পরামর্শের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বিদেশে পাঠানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।


