নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে একের পর পর এক মামলায় গ্রেপ্তার দেখানো কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে সেলিনা হায়াৎ আইভীকে নতুন মামলায় হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছে আদালত।
রোববার বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে আইভীর পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন এবং মোতাহার হোসেন সাজু।
পরে সাজু টাইমসকে বলেন, সেলিনা হায়াৎ আইভী হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। আবার নতুন দুই মামলায় তাকে শ্যোন দেখানো হয়েছে। শ্যোন অ্যারেস্ট দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। আদালত রুল জারির পাশাপাশি তাকে নতুন মামলায় হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছে।
২০২৪ সালের ২০ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। পরে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর নিহত মিনারুলের ভাই নাজমুল বাদী হয়ে হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। আইভি এ মামলায় এজাহারভুক্ত ১২ নম্বর আসামি। পরে তার বিরুদ্ধে আরও মামলা হয়।


