মাগুরার শালিখা উপজেলার পুখরিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া স্ত্রী ও দেড় বছরের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন অপূর্ব বিশ্বাস (৩২)।
বুধবার সকালে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুখরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অপূর্ব বিশ্বাস ওই গ্রামের মৃত অমাল বিশ্বাসের ছেলে।
প্রতিবেশী রমেশ বিশ্বাস জানান, সকাল ৬টার দিকে অপূর্বর স্ত্রী দীপা বিশ্বাস দেড় বছরের শিশুসন্তানকে কোলে নিয়ে বাড়ির ওপর টানানো একটি জিআই তারে কাপড় শুকাতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন।
স্ত্রীর চিৎকার শুনে ঘুম থেকে বেরিয়ে আসেন অপূর্ব। স্ত্রী ও সন্তানকে বিদ্যুতের সংস্পর্শ থেকে সরাতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি।


