গৃহকর্মী প্রীতি উরাংয়ের অবহেলাজনিত মৃত্যুর মামলায় ডেইলি স্টার-এর সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২ সেপ্টেম্বর নির্ধারণ করেছে আদালত।
বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর হোসেনের আদালত আসামিপক্ষের সময় আবেদনের পর নতুন এ তারিখ নির্ধারণ করেন।
এদিন, অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার শুনানির জন্য পর্যাপ্ত প্রস্তুতি না থাকার কথা জানিয়ে সময় আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ২ সেপ্টেম্বর শুনানির নতুন তারিখ নির্ধারণ করে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী এ এস এম শাহাদাৎ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, প্রীতি উরাং প্রায় দুই বছর ধরে রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনের অষ্টম তলায় সৈয়দ আশফাকুল হকের বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি সকালে বাসার ড্রইং স্পেসের জানালায় নিরাপত্তা বেষ্টনী না থাকায় কাচের ফাঁক দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় প্রীতির বাবা লোকেশ উরাং মামলা দায়ের করেন। তদন্ত শেষে চলতি বছরের ৩১ মার্চ ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের এসআই এস এম মাহমুদ রেজা সৈয়দ আশফাকুল হক ও তানিয়া খন্দকারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
পরে, গত ১৬ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠান। বর্তমানে অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে মামলাটি।


