গুঞ্জনটা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল— বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শেষ পর্যন্ত সভাপতি পদে লড়বেন না, বাপ্পারাজ। অবশেষে সে গুঞ্জনটা সত্যি হলো। তিনি নিজেই জানিয়েছেন সভাপতি পদের লড়াই থেকে সরে আসার কথা।
শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ব্যস্ততা ও অন্যান্য কারণে বর্তমানে শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেয়ার মতো পরিস্থিতিতে নেই বলে মনে করছেন এই অভিনেতা। ফলে সভাপতি পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছেন তিনি।
এ বিষয়ে বাপ্পারাজ বলেন, “শিল্পী সমিতি আমার নিজের সংগঠন। সব সময় শিল্পীদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। তবে ব্যক্তিগত কিছু কারণে এবার নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। সবার জন্য শুভকামনা রইল।”
এদিকে বাপ্পারাজের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর খবরে চলচ্চিত্রাঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সভাপতি পদে এখন কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়ে শিল্পী ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা।


