গণপূর্ত অধিদপ্তরের এক নির্বাহী প্রকৌশলীকে ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সাইফুজ্জামান, যিনি বর্তমানে লালমনিরহাট গণপূর্ত বিভাগে চলতি দায়িত্বে কর্মরত এবং এর আগে ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এ নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এ কর্মরত থাকাকালে মো. সাইফুজ্জামান ‘সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্প’-এর মূলধন অংশের ‘অনাবাসিক ভবন’ খাতের কাজ (ডব্লিউ-১ প্যাকেজ) বাস্তবায়নে ডিপিপি, আরডিপিপি বা এইচওপিইর অনুমোদন ছাড়াই বিধি-বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহার করেন।
এ সময় তিনি একটি প্যাকেজকে আটটি প্যাকেজে বিভক্ত করে ইজিপির মাধ্যমে টেন্ডার আহ্বান করেন এবং এর মাধ্যমে ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় দেখানো হয়।
তদন্তে দেখা যায়, বিভাজিত আটটি প্যাকেজের বিপরীতে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে পরিশোধিত বিলের ক্ষেত্রে বাস্তবে কাজের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। প্রকল্পটির ডব্লিউ-১ প্যাকেজ বাস্তবায়নের জন্য নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিইএল) ব্যতীত অন্য আটটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ২০২৩-২৪ অর্থবছরে ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় দেখিয়ে কাজ না করেই বিল পরিশোধ করা হয়।
প্রজ্ঞাপনে এসব কর্মকাণ্ডকে সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি হিসেবে উল্লেখ করা হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী মো. সাইফুজ্জামান বরখাস্তকালীন বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন।


