আসন্ন সংসদ নির্বাচনে সহিংসতার কোনো আশঙ্কা নেই, নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার বিকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
নির্বাচনের প্রস্তুতি নিয়ে উপদেষ্টা বলেন, ‘প্রস্তুতি খুবই ভালো। সিসিটিভি প্রায় সব কেন্দ্রেই লাগানো হয়েছে। দু’একটা কেন্দ্রে যেখানে বাউন্ডারি ওয়াল নেই, সেখানে বাঁশের বেড়ার ব্যবস্থা করা হবে। নির্বাচন উৎসবমুখর ও খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে।’
অবৈধ অস্ত্র নিয়ে উদ্বেগের ব্যাপারে তিনি বলেন, ‘আমি বারবারই বলছি। অবৈধ অস্ত্র প্রতিনিয়তই উদ্ধার হচ্ছে।’
নির্বাচনে দায়িত্ব পালন করা নিয়ে পুলিশের ভেতর ‘মব’ভীতি কাজ করছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের রেঞ্জ ডিআইজি ও পুলিশ কমিশনারকে পাশে ডেকে এনে সাংবাদিকদের দেখিয়ে বলেন, ‘এই যে তাকাইয়া দেখ, ভীত মনে হচ্ছে?’
তিনি জানান, নির্বাচনে সারা দেশে সেনাবাহিনীর এক লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া নৌবাহিনীর পাঁচ হাজার, বিজিবির ৩৭ হাজার, কোস্ট গার্ডের চার হাজার, পুলিশের দেড় লাখ, ৯ হাজার র্যাব এবং আনসারের পাঁচ লক্ষাধিক সদস্য দায়িত্ব পালন করবেন।
এর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, ডিআইজি মোহাম্মদ শাহজাহান, মহানগর পুলিশ কমিশনার ড. জিল্লুর রহমানসহ পুলিশের আট জেলার পুলিশ সুপার (এসপি), আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) অংশ নেন।


