জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিকেল সেন্টারে ওষুধের মজুদ ও বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ঘটনায় তদন্তের স্বার্থে মেডিকেল সেন্টারের ডেপুটি রেজিস্ট্রার (স্টোর) মো. নুর-এ-কামালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমানের সই করা আলাদা দুটি অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, মেডিকেল সেন্টারে ওষুধের মজুদে গরমিলের কারণ অনুসন্ধান, অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করে দায় নির্ধারণের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারকে আহ্বায়ক করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক মো. সালেকুল ইসলাম ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক আবদুছ ছাত্তার। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার (কাউন্সিল শাখা) আলাউদ্দিন মোল্লা।
আদেশ অনুযায়ী, কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।
অন্যদিকে, তদন্ত প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং মেডিকেল সেন্টারের উপদেষ্টা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে মো. নুর-এ-কামালকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের ১০(ক)(২) ধারা অনুযায়ী ২৩ জুলাই পূর্বাহ্ন থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি সর্বশেষ মূল বেতনের অর্ধেক হারে জীবিকা নির্বাহ ভাতা পাবেন। পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে তদর্থক সাহায্য এবং অন্যান্য ভাতা পূর্ণ হারে পাওয়ার কথা আদেশে উল্লেখ করা হয়েছে।
এর আগে, ৩০ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত ২১ দিনে জাবির মেডিকেল সেন্টারের মজুদে ১৯ হাজার ৫৬৭টি ওষুধের হিসাব না পাওয়ার অভিযোগ ওঠে। এসব ওষুধের আনুমানিক বাজারমূল্য ৭৩ হাজার ১১০ টাকা বলে জানা গেছে।


