শিক্ষক সংকট দূরীকরণ ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে বিক্ষোভ করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে তীব্র শিক্ষক সংকট নিয়েই চলছে কলেজের শিক্ষা কার্যক্রম। ডেন্টাল ইউনিটের ৫২টি পদের মধ্যে ৩৯টি পদই শূন্য অবস্থায় রয়েছে বলে অভিযোগ তাদের। এর ফলে প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শিক্ষার্থীদের। তাই দ্রুত শিক্ষক সংকট দূরীকরণ ও অবকাঠামোগত উন্নয়নের জোর দাবি জানান তারা।
বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।


