প্রশাসনকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৪ আসনের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে শোকজ করেছে দলটি।
সোমবার সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সই করা চিঠি ইস্যু করা হলেও বিষয়টি মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে জানায় জামায়াত।
চিঠিতে বলা হয়, গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে শাহজাহান চৌধুরী বলেন, ‘নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেপ্তার করবে, মামলা করবে।’
এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়, যা রাষ্ট্রীয় প্রশাসনের পেশাদারিত্ব ও নিরপেক্ষতাকে ব্যাহত করে বলে উল্লেখ করেছে জামায়াত।
চিঠিতে আরও বলা হয়, এর আগে নানা সময় সাংগঠনিক ভাবমর্যাদা ক্ষুণ্নকারী ও শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেওয়ায় তাকে সতর্ক করা হয়েছিল। সম্প্রতি দেওয়া তার বক্তব্যে প্রশাসন ও কূটনৈতিক মহলে নিন্দা ও উদ্বেগের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যা দলীয় গঠনতন্ত্র, নীতি ও শৃঙ্খলার পরিপন্থী।
এ কারণে আগামী সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে জামায়াত। সন্তোষজনক জবাব না পেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।


