বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্রয়ের হতাশা ভুলে হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। আক্রমণভাগের দুর্দান্ত প্রদর্শনীতে প্রথমার্ধেই তিনটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় কার্লো আনচেলত্তির দল। ব্রাজিলের পক্ষে ফরোয়ার্ড ম্যাথিউস কুনিয়া জোড়া গোল করেন এবং অন্য গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র।
শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের প্রথম ১০ মিনিট হাইতি কিছুটা গোছাল ফুটবল খেললেও ধীরে ধীরে ব্রাজিলের আক্রমণের সামনে তাদের রক্ষণভাগ অসহায় হয়ে পড়ে। ম্যাচের ১২তম মিনিটে হাইতির জালে বল জড়িয়েছিলেন রাফিনিয়া, তবে সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলায় সেই গোলটি বাতিল হয়।
ব্রাজিল প্রথম গোলের দেখা পায় ম্যাচের ২৩তম মিনিটে। ভিনিসিয়াস জুনিয়রের নেওয়া জোরালো শট হাইতির গোলরক্ষক ফিরিয়ে দিলেও হ্যানেস ডেলক্রোইক্সের ক্লিয়ারেন্স বল ম্যাথিউস কুনিয়ার গায়ে লেগে সরাসরি জালে প্রবেশ করে। ১-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। এরপর খেলার ৩৬তম মিনিটে মাঝমাঠ থেকে ভিনিসিয়াসের বাড়ানো ডিফেন্স-চেরা থ্রু পাস ধরে কোণাকুণি বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোল করেন কুনিয়া।
খেলার ৪০তম মিনিটে চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন ব্রাজিলের রাফিনিয়া। তার বদলি হিসেবে মাঠে নামেন বোর্নমাউথ উইঙ্গার, মাত্র ১৯ বছর ৩২০ দিন বয়সী তরুণ রায়ান।
প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে জোড়া গোল করা মাতেউস কুনিয়া এবং লুকাস পাকেতাকে তুলে নেন কোচ আনচেলত্তি। তাদের বদলে মাঠে নামানো হয় এনদ্রিক ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্রাজিলের খেলোয়াড়েরা জালের দেখা না পেলেও ম্যাচের বাকি সময় আধিপত্য বজায় রাখে। শেষ পর্যন্ত প্রথমার্ধের ৩-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা, যা তাদের টুর্নামেন্টে উড়ন্ত সূচনা এনে দিয়েছে।


