শাপলা প্রতীক ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন মানবে না বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি স্পষ্টভাবে বলেছেন, ‘আমরা নির্বাচন কমিশনকে (ইসি) বলেছি আমাদের নিবন্ধন দিলে শাপলা প্রতীক দিতে হবে। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না, নিবন্ধন মানবে না।’
বৃহস্পতিবার বিকালে শাপলা প্রতীক, প্রবাসী ভোটার এবং ভোটার তালিকা হালনাগাদ ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দুই ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ‘বৈঠকে শাপলা না দেওয়ার কারণ জানতে চাইলে নির্বাচন কমিশন কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি।’ তিনি বলেন, ‘আমরা ইসিকে জিজ্ঞাসা করেছি, শাপলা না দেওয়ার কারণ কী? তারা দুই ঘণ্টা নিশ্চুপ ছিলেন। তাদের ধৈর্যশক্তির প্রশংসা করি, কিন্তু ব্যাখ্যা দিতে না পারা মানে তারা পরোক্ষভাবে সম্মতি দিয়েছেন। এটি কোনো হাস্যরসের বিষয় নয়, এটি অত্যন্ত সিরিয়াস বিষয়।’
তিনি আরও বলেন, ‘ইসির সামনে এখন দুটি রাস্তা–শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান, সোনালী আঁশ বাদ দিতে হবে। আমরা চাই, কোনো রাজনৈতিক দলের প্রতীক বাতিল না হোক। তাই আমরা বিশ্বাস করি, আমাদের শাপলা পাওয়ার পথে কোনো আইনি বা রাজনৈতিক বাধা নেই।’
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘শাপলা নিয়ে তাদের অবস্থান অনড়। এটা আমাদের অধিকার। আইন বা রাজনীতি কোনোটির বাধা নেই। তাহলে সমস্যা কোথায়?’
তিনি ইসির উদ্দেশে বলেন, ‘যদি কোথাও থেকে প্রেসার ফিল করেন বা কেউ আপনাদের ওপর চাপ দেয়, আমাদের জানান। আমরা ইসির সঙ্গে না, বরং সেই অদৃশ্য শক্তির বিরুদ্ধে রাজপথে লড়ব। আপনারা অসুস্থ মানুষ, অযথা চাপ নেবেন না।’
তিনি আরও দাবি করেন, ইসির পক্ষ থেকে বলা হয়েছে, পূর্ববর্তী নির্বাচন কমিশনের মতো পরিস্থিতি মোকাবিলায় তারা মানসিকভাবে প্রস্তুত। এ প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এই ধরনের উদ্ভট চিন্তাভাবনা ও মন্তব্যের পরও আমরা এখনো তাদের পদত্যাগ চাইছি না। তবে তারা যেভাবে দায়িত্ব নিচ্ছেন, তাতে আমাদের আশঙ্কা বাড়ছে।’
সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচন নিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে ইসি দায় এড়াতে পারবে না। ইসির অন্য উচ্চাকাঙ্ক্ষা বা আকাঙ্ক্ষার কারণে যদি কোনো জটিলতা তৈরি হয়, তার দায়ভার তাদেরই নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা শাপলার প্রশ্নে অনড় আছি, অনড় থাকব। শাপলা ছাড়া এনসিপির নিবন্ধন নয়, নিবন্ধন মানব না।’


