শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহারে হত্যা-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে ৫ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়। এদিন তদন্ত প্রতিবেদনের দাখিলের দিন ধার্য ছিল, কিন্তু তদন্ত শেষ না হওয়ায় প্রসিকিউশন আরও সময়ের আবেদন করে। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
তিনি এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময়ের আবেদন করেন। পরে তার আবেদন মঞ্জুর করে প্রতিবেদন দাখিলে আগামী ৫ এপ্রিল দিন ধার্য করা হয়।
এ মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম এবং একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের এ হত্যাকাণ্ড নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেন হেফাজতে ইসলামের নেতক আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি এ অভিযোগ করেন। এ ঘটনায় ২১ জনকে আসামি করা হয়।


