জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দিতে গিয়ে ঘুষ গ্রহণ ও দাবির অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দুই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান এবং কুমিল্লার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শুধাংসু কুমার সাহাকে অপসারণ করা হয়।
মাহফুজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ, এনআইডির জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদনকারীকে শুনানিতে ডেকে তিনি ২ লাখ টাকা ঘুষ দাবি করেন এবং পরে দর-কষাকষির মাধ্যমে ১ লাখ ৭০ হাজার টাকা নির্ধারণ করেন। অভিযোগ অনুযায়ী, ঘুষ না পাওয়ায় তিনি আবেদনটি বাতিল করেন। এ ঘটনায় কথোপকথনের একটি অডিও রেকর্ড ফরেনসিক পরীক্ষায় তার কণ্ঠের সঙ্গে মিল পাওয়ায় অভিযোগটি প্রমাণিত হয়।
অন্যদিকে, শুধাংসু কুমার সাহা এনআইডি সেবা দিতে অবৈধ অর্থ গ্রহণের সময় এক গণমাধ্যমকর্মীর কাছে ভিডিও ধারণে ধরা পড়েন। পরে ভিডিওটি প্রকাশ না করার শর্তে তিনি ওই সাংবাদিককে ২৯ হাজার টাকা উৎকোচ দেন বলে অভিযোগ ওঠে। বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।


