রায়হান রাফী পরিচালিত শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’-এর দুটি গান ইউটিউবে ভিউয়ের নতুন রেকর্ড গড়েছে। ‘লাগে উরাধুরা’ ও ‘দুষ্টু কোকিল’—এই দুই গান মিলিয়ে ইউটিউবে ১ বিলিয়ন বা ১০০ কোটির বেশি ভিউ অর্জন করেছে, যা দেশি বাংলা সিনেমার গানের ক্ষেত্রে বড় মাইলফলক।
গত বছরের ২৮ মে ইউটিউবে প্রকাশ পায় ‘তুফান’-এর প্রথম গান ‘লাগে উরাধুরা’। গানটির কোরাস অংশ লিখেছেন শরীফ উদ্দিন, বাকি অংশ রাসেল মাহমুদের। সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরার দ্বৈত কণ্ঠে গানটি চরকি ও এসবিএফের ইউটিউব চ্যানেল মিলিয়ে পেয়েছে ৪৪ কোটি ৯৫ লাখের বেশি ভিউ। এর মধ্যে চরকিতে ৩৩ কোটি ৬৯ লাখ এবং এসবিএফে ১১ কোটি ২৬ লাখের বেশি ভিউ হয়েছে।
২০ জুন মুক্তি পায় দ্বিতীয় গান ‘দুষ্টু কোকিল’। এতে কণ্ঠ দিয়েছেন কনা ও আকাশ সেন। গীতিকার ও সুরকারও আকাশ সেন। মিমি চক্রবর্তী ও শাকিব খানের পারফরম্যান্সে গানটি চরকি ও এসবিএফ মিলিয়ে ৫০ কোটির বেশি ভিউ ছাড়িয়েছে। চরকিতে গানটি দেখা হয়েছে প্রায় ৩৯ কোটি ৯১ লাখ এবং এসবিএফে ১৬ কোটি ৪০ লাখ বারের বেশি।
মুক্তির পরপরই গান দুটি দেশ-বিদেশে ভাইরাল হয়। ইউটিউব শর্টস, ফেসবুক রিলস ও টিকটকে ব্যাপক আলোচনার জন্ম দেয় গানগুলো। মন্তব্য জমা পড়ে লাখের বেশি। শিল্পীরাও এই অর্জনে উচ্ছ্বসিত। কনা বলেন, ভিউয়ের পেছনে নয়, শ্রোতার ভালোবাসাই আসল প্রাপ্তি। আকাশ সেন জানান, বাংলাদেশ ছাড়াও ভারত ও অন্যান্য দেশে গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
শুধু গান নয়, বক্স অফিসেও সফল ‘তুফান’। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বাংলা কমার্শিয়াল সিনেমার বাজারে নতুন গতি এনে দেয়। নির্মাতা রায়হান রাফীর আশা, এই জোয়ার অব্যাহত থাকবে।


