স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে দেশের শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য সরঞ্জাম ও ওষুধ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী জানান, দেশজুড়ে পরিচালিত এই টিকাদান কর্মসূচিতে ইতোমধ্যে লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ শিশু টিকার আওতায় এসেছে। অনেক এলাকায় এরই মধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।
বিশেষ করে যে ৩০টি উপজেলায় সবার আগে এই কার্যক্রম শুরু হয়েছিল, সেখানে বর্তমানে নতুন করে কোনো হামের রোগী শনাক্ত হচ্ছে না।
হামের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, গত ছয় বছর ধরে শিশুদের মধ্যে হামের নিয়মিত টিকাদান কার্যক্রম বন্ধ থাকায় পরিস্থিতি কিছুটা জটিল হয়েছিল। তবে জরুরি ভিত্তিতে কর্মসূচিটি পুনরায় চালু করা হয়েছে।
আগামী ৫ মে দেশব্যাপী টিকাদান শুরুর কথা থাকলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তা ১৪ দিন এগিয়ে গত ২০ এপ্রিল থেকেই শুরু করা হয়েছে।
তিনি আরও জানান, দেশে বর্তমানে ভ্যাকসিন বা সিরিঞ্জের কোনো সংকট নেই এবং দ্রুততম সময়ে এগুলো সব কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।
এই কর্মসূচিতে ইউনিসেফ, গ্যাভি, বিশ্বব্যাংক এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতার কথা উল্লেখ করে মন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে ৬ লাখ জিন এক্সপার্ট কার্টিজ এবং ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ উপহার দেওয়া হয়, যা দেশের যক্ষ্মা নির্মূল অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।


