শরীয়তপুরের জাজিরায় ‘বোমা তৈরির সময় বিস্ফোরণে’ এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। নিহতের নাম সোহান বেপারী (২০)।
বুধবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বিলাশপুর ইউনিয়নের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি জমি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে জাজিরা থানা পুলিশ।
স্থানীয়দের বরাতে ইউএনবি জানায়, বুধবার রাতে বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যানের ভাই নুরুল ইসলাম বেপারীর একটি পরিত্যক্ত ঘরে হাত বোমা বানাতে গেলে তা বিস্ফোরিত হয়। এতে সোহান বেপারী নামে একজন ঘটনাস্থলেই মারা যান। দুইজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় স্থানীয়রা।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ জানান, ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি জমি থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।


