ঈদুল আজহার কোরবানি শুধু পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের ভেতরের লোভ, লালসা ও হিংসাকেও কোরবানি দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বৃহস্পতিবার চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে (জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠ) ঈদুল আজহার প্রধান জামাতে মুসল্লিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, ‘আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে আমাদের সন্তানেরা নিরাপদে বসবাস করতে পারবে। কোরবানির মাধ্যমে পাপ, সংকীর্ণতা ও কলুষতা দূর করে সবার জন্য বাসযোগ্য সমাজ ও রাষ্ট্র গঠনের প্রত্যয় নিতে হবে।’
ঈদ উপলক্ষে জেলা প্রশাসনের ‘দাম কমবে পণ্যের, উৎসব হবে সকলের’ শীর্ষক বিশেষ উদ্যোগের কথা উল্লেখ করে তিনি জানান, ধনী-গরিব নির্বিশেষে সব শ্রেণির মানুষ যেন সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন, সেজন্য বাজার স্থিতিশীল রাখতে পাইকারি, খুচরা ও চেইনশপের ব্যবসায়ীরা আন্তরিক সহযোগিতা করেছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে সকাল ৮টায় এই প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ধানিয়ালাপাড়াস্থ বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান।
জামাতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ মাহবুবুল হক ও পাঠান মো. সাইদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী এবং সহস্রাধিক মুসল্লি অংশ নেন। জামাতের আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার।
নামাজ শেষে মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয় এবং পরে উপস্থিত সকলে পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কোলাকুলি বিনিময় করেন।


