সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নেবেন তারেক রহমান। তার জন্য অপেক্ষায় আছে পুরো সিলেটবাসী।
বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটের সময় কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এর আগে, প্রথম নির্বাচনী জনসভায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিতে শুরু করেন দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় অনেকের মাথায় বিএনপির লোগো সম্বলিত বিভিন্ন রঙের ক্যাপ দেখা যায়।
বুধবার রাত থেকেই কেউ কেউ আলিয়া মাদ্রাসা মাঠের ত্রিপলে শুয়ে–বসে রাত কাটিয়েছেন।

বুধবারে রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান ও তার সফরসঙ্গীরা।
বুধবার রাত ৯টার দিকে মাজার জিয়ারত করেন তিনি।
জনসভা শেষে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, নরসিংদী পৌর এলাকার সংলগ্ন স্থান এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান।
এসব কর্মসূচি শেষে বৃহস্পতিবার গভীর রাতে গুলশানের বাসায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান।


