বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ দলটির কয়েকজন শীর্ষ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে সম্প্রতি সাইবার হামলার ঘটনা ঘটে। তবে অল্প সময়ের মধ্যেই সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দলের কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম।
রোববার দলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আহসানুল মাহবুব জুবাইরের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, অত্যন্ত পরিকল্পিতভাবে হামলাকারীরা সাময়িক সময়ের জন্য জামায়াতে ইসলামীর আমিরের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। তবে দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়। একই সঙ্গে অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে দলের সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে।
অ্যাকাউন্টে সাইবার হামলার পর শফিকুর রহমানের নামে একটি অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর পোস্ট প্রকাশিত হয় উল্লেখ করে বিবৃতিতে জানানো হয়, ওই পোস্টে প্রচারিত বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং তা শফিকুর রহমানের কোনো মতামত, অবস্থান কিংবা বক্তব্যকে প্রতিফলিত করে না।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাধারণ জনগণ, গণমাধ্যমকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ভুয়া খবর, জাল উদ্ধৃতি ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে যাচাই ছাড়া কোনো কনটেন্ট শেয়ার না করা এবং সন্দেহজনক তথ্য দেখলে তা সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে রিপোর্ট করার অনুরোধ করা হয়।

এদিকে এক্স অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেওয়া হয়। রোববার দলের কেন্দ্রীয় জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এর আগে, শনিবার বিকালে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করা হয়। ওই মন্তব্যে ‘নারীবিদ্বেষী’ ও ‘অবমাননাকর’ ভাষা ব্যবহারের অভিযোগ ওঠে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। পরে শনিবার রাতেই দলটির পক্ষ থেকে জানানো হয়, শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল।


