নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় আমিশাপাড়া ইউনিয়নে এক মো. সজীব (২৪) নামে এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া এলাকায় একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি আবিরপাড়া এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন সজীব। বিকালে ৫টার দিকে মাঠের মধ্যে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই রিয়াদ অভিযোগ করে বলেন, গত পরশু স্থানীয় একটি কিশোর গ্যাং সজীবকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। এই হত্যাকাণ্ডের পেছনে তাদের হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


