গাইবান্ধার পলাশবাড়ী থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় মিজানুর রহমান মিজান (৩৪) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আট পুলিশ সদস্য আহত হন।
শুক্রবার বিকালে থানার ওসি সারোয়ার আলম খান টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘এদিন ভোরে থানা পুলিশ ও গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) যৌথ অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রৃধারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
মিজানুর রহমান পলাশবাড়ী উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের সেক্রেটারি ছিলেন। এর আগে তিনি পলাশবাড়ী পৌর জামায়াতের আমির এবং পলাশবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ছিলেন।
পুলিশ জানিয়েছে, গত বুধবার রাত ১০টার দিকে জামায়াতের কিছু নেতা একটি অভিযোগপত্র নিয়ে থানায় গেলে ওসির সঙ্গে তর্কবিতর্ক শুরু হয়। পরে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নয়জনের নামে মামলা করেন।
ওসি জানান, এখন পর্যন্ত একজন গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।


