খুলনায় মো. রাতুল শেখ (২২) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে লবণচরা থানার আশিবিঘা এলাকার একটি মাঠে তাকে গুলি করে ফেলে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
আহত রাতুল হরিণটানা এলাকার প্রেম গলির বাসিন্দা আবু হোসেনের বাড়ির ভাড়াটিয়া শের আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে রাতুলসহ কয়েকজন যুবক আশিবিঘা এলাকার বালুর মাঠে অবস্থান করছিলেন। গুলির শব্দ শুনে স্থানীয়রা সেখানে গিয়ে রাতুলকে মাঠে পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা তার ডান পায়ের উরুতে গুলি করে পালিয়ে গেছে। কী কারণে তাকে গুলি করা হয়েছে, তা তাৎক্ষণিক জানা যায়নি।
লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, ‘তার সার্বিক অবস্থার খোঁজ নেওয়া হচ্ছে। ঘটনার কারণ সম্পর্কে রাতুল এখনও পুলিশকে কোনো তথ্য দেননি। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। কোনো সন্ত্রাসী দলের সঙ্গে তার সম্পৃক্ততা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এর আগে গত ২৮ জুন নগরীর গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে চাঁদা না পেয়ে রফিকুল ইসলাম মানিক (৪০) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা।


