ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরপাড়ে থাকা অরক্ষিত বিদ্যুৎ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন বিশ্বাস (২৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি রাজাপুর গ্রামের লাকু বিশ্বাসের ছেলে। মামুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
সরেজমিনে জানা যায়, রাজাপুর গ্রামের আকমল শিকদারের ছেলে জাহিদুল শিকদারের একটি পুকুর স্থানীয় মাছ ব্যবসায়ী ফেলুর কাছে লিজ দেওয়া ছিল। অভিযোগ রয়েছে, পুকুর পাহারা ও রাতে আলোর ব্যবস্থা করতে পুকুরের চারপাশে বাঁশের খুঁটির সঙ্গে জিআই তার ব্যবহার করে সরাসরি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। ওই অরক্ষিত বিদ্যুৎ লাইনেই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ভোরে গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন মামুন বিশ্বাস। একপর্যায়ে তিনি পুকুরপাড়ে গেলে মাটিতে থাকা বিদ্যুতায়িত জিআই তার ভ্যান চালক মামুনের পায়ে পেঁচিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
স্থানীয়দের দাবি, সম্পূর্ণ অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। নিহত মামুনের দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে।
পুকুরের মালিক জাহিদুল শিকদার বলেন, ‘পুকুরটি লিজ দেওয়া ছিল। আমরা বাড়িতে নিয়মিত থাকি না। লিজগ্রহীতারা কীভাবে বিদ্যুতের সংযোগ দিয়েছে, তা আমাদের জানা ছিল না। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা মর্মাহত।’
অভিযোগের বিষয়ে লিজগ্রহীতা ফেলু মোবাইল ফোনে বলেন, ‘রাতে আলো জ্বালানোর জন্য বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছিল। সকালে সাধারণত সংযোগ খুলে ফেলা হয়। হয়তো আজ অসাবধানতাবশত সেটি খোলা হয়নি।’
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


