‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব’

‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছে। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি নির্বাচনী মাঠে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব।’

শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে গণমানুষের প্রত্যাশা হলো শহীদদের রক্তের আকাঙ্ক্ষা পূরণ এবং নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকার গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা।’

ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে একদিনের সফরে শুক্রবার কক্সবাজারে আসেন সালাহউদ্দিন আহমদ। দুপুর সোয়া ১টার দিকে তিনি ঢাকা থেকে বিমানে করে কক্সবাজার পৌঁছান।

এরপর শহরের নুনিয়ারছড়ার একটি স্থানীয় মসজিদে দলীয় নেতাকর্মীদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন।

আরও পড়ুন

নামাজ শেষে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সাংবাদিক আনছার হোসেনের ছেলে রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন।

কবর জিয়ারত শেষে তার বাড়িতে গিয়ে তার স্বজনদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান সালাহউদ্দিন আহমদ।

পরে মধ্যাহ্নভোজ শেষে তিনি কক্সবাজার-১ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে কক্সবাজার-১ ও কক্সবাজার-২ আসনের মনোনয়নপত্র যাচাই করা হয়।

কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া পাঁচ প্রার্থীর মধ্যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

ফলে এই আসনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পায়। তারা হলেন বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর কক্সবাজার শহর শাখার আমির আব্দুল্লাহ আল ফারুক এবং গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল কাদের।

মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে সালাহউদ্দিন আহমদ পেকুয়ার নিজ বাসভবনের উদ্দেশে কক্সবাজার ছাড়েন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad