লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক থেকে জেলা শহরের বিএনপি কলোনিতে প্রবেশের প্রধান সংযোগ পথটি রেলওয়ে কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছেন কলোনির হাজারও বাসিন্দা। রেলওয়ের মালিকানাধীন জায়গার ওপর এই রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের জন্য ব্যবহার করছিলেন স্থানীয়রা।
শনিবার সকালে রেলওয়ে কর্তৃপক্ষ সংযোগ সড়কটি রেল লাইনের পাত দিয়ে বন্ধ করে দেয়। হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় এখন কলোনি থেকে মডেল মসজিদ, জেলা আদালত, পুলিশ সুপারের কার্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাসিন্দাদের প্রায় এক কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয়রা জানান, ২০০১ সালে লালমনিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডে রেলওয়ের জমিতে গড়ে ওঠা এই বিএনপি কলোনির বাসিন্দারা প্রায় ২৫ বছর ধরে শিশু পার্কের পশ্চিমের এই রাস্তাটি ব্যবহার করে আসছেন। সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীসহ বত্রিশহাজারী এলাকার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরাও এই পথেই নিয়মিত যাতায়াত করে।
স্থানীয় বাসিন্দা রমজান আলী ও সাইদ মিয়া জানান, কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা কোনো কর্ণপাত না করেই রাস্তাটি বন্ধ করে দিয়েছে। আরেক বাসিন্দা শফিয়ার রহমান আক্ষেপ করে বলেন, ‘পুরো রাস্তা বন্ধ না করে অন্তত একটি রিকশা চলার মতো জায়গা রাখার মানবিক আবেদন জানিয়েছিলাম, কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ তা শোনেনি।’
রাস্তা বন্ধের সময় উপস্থিত লালমনিরহাট রেলওয়ের এসএসএই (ওয়ার্কার্স) জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তারা পরিত্যক্ত রেললাইন ব্যবহার করে পথটি সিল করে দিয়েছেন। এলাকাবাসীর দাবি মেনে হস্তক্ষেপ করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন ছাড়া আমাদের আর কিছু করার নেই এবং এই রাস্তাটি এক সময় বন্ধ ছিল।’
সচেতন মহলের প্রতিনিধি আরিফুল ইসলামের মতে, দীর্ঘদিনের চলাচলের পথটি হঠাৎ বন্ধ করে দেওয়া কোনোভাবেই কাম্য নয়। এতে বিশেষ করে শিক্ষার্থী ও বয়স্কদের যাতায়াতে দুর্ভোগ চরমে পৌঁছেছে। তিনি অবিলম্বে মানবিক দৃষ্টিতে সড়কটি পুনরায় উন্মুক্ত করে দেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এদিকে, বিষয়টি নিয়ে লালমনিরহাট রেলওয়ে বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ তসলিম আহমদ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।


