রাজধানীর লালবাগ থানার শহীদনগর এলাকায় মো. রাফি হত্যার ঘটনায় মূল অভিযুক্ত মো. ইমন ওরফে বাবুর্চি ইমনসহ (২৪) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের একটি বাসা থেকে নয় রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
লালবাগ থানা সূত্রে জানা গেছে, গত ১৪ মে রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে শহীদনগর তিন নম্বর গলির মুখে মো. রাফিকে অজ্ঞাতনামা কয়েকজন গুলি করে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। গত ১৮ মে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কানা শাহাবুদ্দিন ও রেজাউল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে গোয়েন্দা তথ্য ও গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে মূল অভিযুক্ত মো. ইমনকে বুধবার কক্সবাজার সদরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে কেরানীগঞ্জের একটি বাসা থেকে ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে।


