লন্ডনের বৈঠকে ‘অশনি সংকেত’ দেখছে এনসিপি

লন্ডনের বৈঠকে ‘অশনি সংকেত’ দেখছে এনসিপি
Advertisement
Advertisement

লন্ডনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠকের পর নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার বিষয়কে ‘অশনি সংকেত’ হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, একটি রাজনৈতিক দলকে খুশি করার জন্য জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে আনা হচ্ছে, যা জুলাইয়ের শহীদদের সঙ্গে প্রতারণা।

শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতৃবৃন্দ।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সংস্কার আর বিচারকে পাশ কাটিয়ে সরকার যে নির্বাচনের দিকে যাচ্ছে, তা ১৮ কোটি মানুষের নির্বাচন হবে না। এমনভাবে নির্বাচনের দিকে গেলে আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে। জনগণ আবারও গণঅভ্যুত্থানে যেতে বাধ্য হবে।’

‘বিদেশের মাটিতে বসে যখন সরকার বিশেষ দলের সাথে নির্বাচন নিয়ে বৈঠকে বসে তখন এটা হয়ে যায় গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। সেখানে জুলাই ঘোষণার স্পষ্ট বার্তা দেখিনি, মৌলিক সংস্কার প্রশ্নেও বার্তা পাইনি। শুধু একটি দলকে খুশি করতে নির্বাচন নিয়ে বার্তা আসছে।’

‘বিচার ও সংস্কার না হলে’ এনসিপি নির্বাচনে অংশ নেবে না বলেও জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

আরও পড়ুন

শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে দেড় ঘণ্টার একান্ত বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, ‘সব প্রস্তুতি শেষ করা গেলে ২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহেও (অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে) নির্বাচন আয়োজন করা যেতে পারে।’

যৌথ বিবৃতির এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি মোহাম্মদ শফিকুল আলম।

বিবৃতিতে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সহ যে সকল বক্তব্য এসেছে, তা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়াও সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় নেতারা।

অর্ন্তবতী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আরিফুল ইসলাম আদীব বলেন, ‘শহীদ পরিবারের সঙ্গে আলাপ করে নির্বাচনের সময় দেওয়া উচিত ছিল। এক দলের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া অশনি সংকেত।’

সারোয়ার তুষার বলেন, ‘কী পদ্ধতিতে সংস্কার হবে তা ঠিক হয়নি। এর আগেই প্রধান উপদেষ্টার গণভোট খারিজ করার সিদ্ধান্ত ভালো কিছু নয়।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad