ডাকাতির চেষ্টাকালে দুই কিশোর আটক

ডাকাতির চেষ্টাকালে দুই কিশোর আটক
সেনাবাহিনীর হেফাজতে দুই কিশোর। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ময়মনসিংহের ভালুকায় খেলনা পিস্তল দেখিয়ে একটি দোকানে ‘ডাকাতি চেষ্টার’ অভিযোগে দুই কিশোরকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া বাদশা টেক্সটাইল মিলের ২ নম্বর গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে দুই কিশোর দোকানটিতে ঢুকে একটি পিস্তল বের করে। তাদের একজন দোকান মালিককে হুমকি দিয়ে বলে, ‘ক্যাশবাক্সে যা আছে বের কর, নইলে গুলি করে মাইরা ফালব।’ আরেক কিশোর দোকানের গ্লাসে লাথি মেরে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। এ সময় আশপাশের দোকানিরা ছুটে এসে তাদের ধরে ফেলে।

উদ্ধার করা পিস্তলটি  ‘আসল নয়, খেলনা’ বলে জানিয়েছে পুলিশ। ছবি: সংগৃহীত

মেসার্স খান হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রনিকস নামের দোকানটির মালিক মেহেদী হাসান।

আরও পড়ুন

তিনি বলেন, ‘কিশোরদের আমি আগে কখনো দেখিনি। হঠাৎ তারা এসে পিস্তল বের করে ভয় দেখাতে থাকে। ওটা দেখতে একেবারে আসল পিস্তলের মতো ছিল। আমি ভয় পেয়ে যাই। পরে আশপাশের লোকজন তাদের ধরে ফেলে।’

ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি চেষ্টার খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ও ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ দুই কিশোরকে আটক করে এবং পিস্তলটি জব্দ করে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, ‘দুই কিশোর খেলনা পিস্তল দেখিয়ে দোকানদারকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেছিল। স্থানীয় এক অপরাধীর কাছ থেকে তারা খেলনা পিস্তলটি পেয়েছে বলে জানিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

আটক দুই কিশোরের একজনের বয়স ১৬ এবং একজনের বয়স ১৭ বছর। তারা দুজনই গফরগাঁও উপজেলার বাসিন্দা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad