র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আগের মতো করে থাকছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
সরকারের তিন মাস উপলক্ষে মঙ্গলবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
‘এখনো এক অর্থে র্যাব আগের মতো করে থাকছে না। কেন বলছি? কারণ গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন যে, র্যাবের জন্য একটা নতুন আইন হবে,’ বলেন জাহেদ উর রহমান।
তিনি বলেন, ‘এতদিন পর্যন্ত র্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটা অপশনের অধীনে কাজ করছিল। এখন একটা পূর্ণাঙ্গ আইন হচ্ছে, যে আইনের মধ্যে র্যাবের সবকিছু অনেক বেশি “ওয়েল ডিফাইনড” থাকবে।’
‘সুতরাং র্যাব বিলুপ্তির যে দাবি বিএনপি করেছিল এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে,’ বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।
‘সম্ভবত বলছি কারণ এই ধরনের অপশন স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে এই আইনটা করার জন্য তিনি একটিভলি কাজ করছেন,’ যোগ করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।


