বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে সংস্থাটির মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এ-সংক্রান্ত আদেশ দেওয়া হয়। তার বিরুদ্ধে বিমানের বিভিন্ন বিষয়ে তথ্য সরবরাহে গাফিলতির অভিযোগ রয়েছে। বিশেষ করে ইতালির রোমে বিমানের একটি ফ্লাইটে কারিগরি ত্রুটির ঘটনায় তথ্য ব্যবস্থাপনায় তার গাফিলতির বিষয়টি সামনে আসে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বোসরা ইসলামকে জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিমানের করপোরেট প্ল্যানিং বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মো. মহিউদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ৬ আগস্ট কানাডার টরন্টো থেকে ২৫৯ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩০৬। জ্বালানি নেওয়ার জন্য ইতালির রোমে অবতরণের পর উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে।
প্রায় আট ঘণ্টা চেষ্টা করেও ত্রুটি মেরামত করা সম্ভব না হওয়ায় ফ্লাইটটি গ্রাউন্ডেড করা হয়। দীর্ঘ সময় যাত্রীদের উড়োজাহাজের ভেতরেই রাখা হয়। পরে তাদের উড়োজাহাজ থেকে নামিয়ে বিমানবন্দরের ভেতরে নেওয়া হয়।
তবে বাংলাদেশি পাসপোর্টধারীদের ইতালিতে প্রবেশের অনুমতি না থাকায় অধিকাংশ যাত্রীকে বিমানবন্দরেই অবস্থান করতে হয়। পরিস্থিতি মোকাবিলায় ঢাকা থেকে বিশেষজ্ঞ প্রকৌশলীদের একটি দল রোমে পাঠানো হয়। প্রকৌশলীরা ত্রুটি মেরামতের পর স্থানীয় সময় শনিবার রাতে ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। পরে রোববার দুপুর ১২টার দিকে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
এদিকে, রোমে ফ্লাইট আটকে পড়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হয়। এতে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠে।
ঘটনার পর সংকটকালীন তথ্য ব্যবস্থাপনা নিয়ে বিমানের জনসংযোগ বিভাগের ভূমিকা নিয়েও সমালোচনা দেখা দেয়। তথ্যের যথাযথ আদান-প্রদান না করা, গণমাধ্যম ও ভুক্তভোগীদের বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ এবং সার্বিক জনসংযোগ ব্যবস্থাপনায় ব্যর্থতার বিষয়টি বিমানের উচ্চপর্যায়ে বিবেচনায় আসে।
এরই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিমান কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, করপোরেট প্ল্যানিং বিভাগের মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিমানের জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন>>>
কারিগরি ত্রুটিতে রোমে আটকা বিমানের টরন্টো-ঢাকাগামী ফ্লাইট
আটকে পড়া বিমানের ফ্লাইট উদ্ধারে রোমে পৌঁছাল প্রকৌশলী দল
রোমে আটকে পড়া বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকায় পৌঁছেছে


