সিলেটের পর চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দ্বিতীয় নির্বাচনী প্রচার। শনিবার সকালে গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ বিফিংয়ে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন জানান, রোববার থেকে এই প্রচার শুরু হবে।
তিনি বলেন, ‘তারেক রহমান নির্বাচনী প্রচারের অংশ হিসেবে রাতে চট্টগ্রামে যাচ্ছেন। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ঢাকা থেকে বিমানে রওনা হয়ে চট্টগ্রামে পৌঁছাবেন তিনি। সেখানে রাত কাটিয়ে, পরদিন রোববার সকাল সাড়ে নয়টায় একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিনশ শিক্ষার্থীদের নিয়ে ‘ইউথ পলিসি টক’ এ অংশ নেবেন। সেখানে শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, পরিবেশসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে আলোচনা ও মতবিনিময় করবেন। এরপর চট্টগ্রাম পোলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন তিনি।’
এরপর ফেনী পাইলট স্কুল মাঠ, কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ, সোয়াগাজীর ডিগবাজি খেলার মাঠ, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান।
মাহাদী আমীন আরও জানান, সিলেট সফরের মতো চট্টগ্রাম সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা তার সফরসঙ্গী হবেন।
এর আগে, গত ২২ জানুয়ারি তারেক রহমান সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন। ওই দিন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের সাতটি জনসভায় বক্তব্য রাখেন তিনি।


