চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শাসন করার সময় মায়ের হাতে মার খাওয়া এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুক্রবার সকালের দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নে গঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
মারা যাওয়া আশিক (১২) ওই গ্রামের সুমন আলি-আলিয়া বেগম দম্পতির ছেলে। তাদের দুই ছেলে-মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে আলেয়া বেগম তার ছেলে আসিককে শাসন করতে গিয়ে কিল, ঘুষি ও লাথি মারে। এতে স্পর্শকাতর স্থানে আঘাত লেগে ঘটনাস্থলে মারা যায় আশিক।
স্থানীয়দের বরাত দিয়ে ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদুর হায়দারি টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘সুমন ঢাকায় দিনমজুরের কাজ করেন আর বাড়িতে সংসার দেখাশোনা করেন আলিয়া। এদিন সকালে শিশু আশিককে শাসন করার সময় মারধর করেন তার মা আলিয়া। পরে শিশুটি মারা যায়।’
এ বিষয়ে সুমন আলির চাচাতো ভাই দুলাল আলি জানান, আশিক মার খেয়ে মারা গেছে এমনটি নয়। সে আগে থেকে অসুস্থতায় ভুগছিল, এ হালে হয়তো তার মৃত্যু ছিল।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাকিল হাসান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


