মানিকগঞ্জ সদর উপজেলায় ইস্ত্রি মেশিন থেকে টিনসেড ঘরে আগুন লেগে বাবা-মা ও ছেলে দগ্ধ হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে মিতরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন শামছুল বিশ্বাস (৬৫), তার স্ত্রী মাফিয়ারা বেগম (৬০) ও তাদের ছেলে জনি বিশ্বাস (২৫)।
হাসপাতালে নিয়ে আসা জনির বড় ভাই মাসুদ বিশ্বাস জানান, দুপুরে বাবা-মায়ের ঘর থেকে চিৎকারের শব্দ পেয়ে ছুটে যান। গিয়ে দেখেন ঘরের ভেতর আগুন জ্বলছে। দরজার সামনে আগুন থাকায় তারা বের হতে পারছিলেন না। পরে তিনি ঘরে ঢুকে একে একে তিনজনকে বাইরে বের করেন। ততক্ষণে তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। উদ্ধার করতে গিয়ে মাসুদ নিজেও সামান্য আহত হন।
দগ্ধ জনি বিশ্বাস জানান, তিনি ইস্ত্রি মেশিন দিয়ে কাপড় ইস্ত্রি করার প্রস্তুতি নিচ্ছিলেন। মেশিনটি ভালো না থাকায় প্লাগে সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। আগুন দ্রুত ঘরের জামাকাপড় ও বিছানায় ছড়িয়ে পড়ে। তার চিৎকার শুনে বাবা-মা ঘরে ঢুকলেও তারাও আটকে পড়েন এবং আগুনে দগ্ধ হন।
স্বজনরা জানিয়েছেন, জনি বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, তিনজনের হাত, মুখ, বুক, পিঠ ও পা ঝলসে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক এবং হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।


