খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘কাজী ইমদাদুল হকের সাহিত্যকর্ম: দিক ও দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর একাডেমিক ভবনে বাংলা ডিসিপ্লিন ও বাংলা একাডেমি যৌথভাবে এই আয়োজন করে। সেমিনারে বক্তারা প্রখ্যাত সাহিত্যিক কাজী ইমদাদুল হকের জীবনী ও সাহিত্যকর্মের নানা দিক তুলে ধরেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খাঁন বলেন, ‘কাজী ইমদাদুল হক খুলনার পাইকগাছার সন্তান। তার বিষয়ে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। প্রাবন্ধিকদের আলোচনার সূত্র ধরে তৎকালীন বাঙালি মুসলমানের কুসংস্কার, শিক্ষাহীনতা ও পশ্চাৎপদতার বিষয়গুলো এখানে উঠে এসেছে।’
বিশেষ বক্তা বাংলা একাডেমির গ্রন্থাগারিক ও সহকারী সম্পাদক আসাদ আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথভাবে গুণী ব্যক্তিদের জীবন, সাহিত্য ও চিন্তাধারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বাংলা একাডেমি এই সেমিনার করছে। এর মূল লক্ষ্য জ্ঞানচর্চা, গবেষণা ও সাহিত্য-সংস্কৃতির প্রসার।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক আসমা ইয়াসমিন রুনা ও সহকারী অধ্যাপক অন্তরা বিশ্বাস। অন্তরা বিশ্বাস বলেন, ‘কাজী ইমদাদুল হকের সাহিত্য ঔপনিবেশিক বাংলার মুসলিম সমাজের জীবন, শিক্ষা ও আত্মপরিচয়ের সংকটকে গভীরভাবে তুলে ধরে।’ অপর প্রাবন্ধিক আসমা ইয়াসমিন রুনা তার প্রবন্ধে ‘আব্দুল্লাহ’ উপন্যাসের আলোকে তৎকালীন মুসলিম সমাজের কুসংস্কার, শিক্ষার অভাব ও সামাজিক বৈষম্যের বাস্তব চিত্র ফুটিয়ে তোলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নুরুন্নবী। সহকারী অধ্যাপক শাকিলা আলমের সঞ্চালনায় সেমিনারে আলোচনা করেন অধ্যাপক ড. শেখ রজিকুল ইসলাম ও সহযোগী অধ্যাপক ড. ইমরান কামাল। সভাপতিত্ব করেন বাংলা ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো. দুলাল হোসেন।


