কাজের প্রতি উন্মাদনা ছাড়া কোনো বড় সাফল্য সম্ভব নয় উল্লেখ করে অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ বলেছেন, ‘কাজের প্রতি পাগল না হলে কোনো কিছু সম্ভব না। তবে পুরস্কারের জন্য পাগল হলে হবে না।’
তিনি আরও বলেন, কাজী নজরুল ইসলামও নিজের কাজের প্রতি এমন উন্মাদ আবেগের কথাই বলেছেন–‘আমি উন্মাদ, আমি উন্মাদ’। তাই কাজের প্রতি উন্মাদ হতে হবে।
শনিবার সাভারের বিরুলিয়ায় ব্র্যাক সিডিএমএ মিলনায়তনে দিনব্যাপী ‘কার্নিভাল অব চেঞ্জ-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্ষমা ও অটোপাস নিয়ে মন্তব্য করতে গিয়ে অধ্যাপক সাঈদ বলেন, ‘মানুষের আনন্দকে বাধা দেওয়া ঠিক না। নিজের জীবন কী চায়, আত্মা কী চায়, স্বপ্ন কী বলে–সেটা নিয়ে ভাবতে হবে।’
তিনি আরও বলেন, ‘মনে যা চায়, সে বিষয়ে পড়তে হবে। পরিবারের চাপে অ্যাকাউন্টিং পড়লে হবে না। অন্তর যা চায়, তাই করতে হবে। সেখানেই মানুষ সেরা হতে পারে। জোর করে কাউকে কিছু চাপিয়ে দেওয়া ঠিক নয়।’
‘নিজেকে প্রশ্ন করতে হবে–আমার আত্মা কী চায়। নিজের স্বপ্নকে তাড়া করতে হবে। জীবনে পরিবর্তন আসবে, আর সেখান থেকেই সফলতা জন্ম নেয়’, যোগ করেন তিনি।
তরুণদের নেতৃত্ব, সৃজনশীলতা ও ইতিবাচক পরিবর্তনের যাত্রাকে তরান্বিত করতে আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৫০ তরুণ-তরুণী অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্।


