কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে সিএনজি অটোরিকশা ও গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ পাঁচজন জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সিএনজি অটোরিকশার চালক ও অন্যরা যাত্রী বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে এখনো তাদের পরিচয় জানা যায়নি।
শনিবার দুপুর ২ টার দিকে শহরের বাইপাস সড়কের কুষ্টিয়া স্টোরের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় ও ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও দুজন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: হোসেন ইমাম জানান, বেলা আড়াইটার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত দুজন পুরুষের মরদেহ হাসপাতালে এসে পৌঁছায়।
তবে দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আবু ওবায়েদ। তিনি জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছেন।


