নারায়ণগঞ্জের রূপগঞ্জে কমিটি গঠন ও পদ-পদবী নিয়ে তর্ক বিতর্কে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে্ন আরও ২ জন।
শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনিয়া এলাকার বিএনপির কার্যালয়ে এই ঘটনা ঘটে।
নিহত আজাহারুল ইসলাম উপজেলার কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে স্থানীয় বিএনপি নেতা রাজিব ও হাসান মিয়ার সঙ্গে আরেক স্বেচ্ছাসেবক দল নেতা সবুজ মিয়ার ৯ নং ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কমিটি ও পদবী নিয়ে কথা কাটাকাটি থেকেই এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে আজহারুল ইসলামের বুকে কিল ঘুষি মারার অভিযোগ ওঠে বিএনপি নেতা রাজিব ও হাসানের বিরুদ্ধে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় আজহারুল ইসলামকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত হন স্বেচ্ছাসেবক দল নেতা সবুজ মিয়া ও এমারত মিয়া। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।


