প্রথম ওয়ানডে খেলতে নেমেছেন রুবাইয়া হায়দার ঝিলিক, তাও বিশ্বকাপের মতো বড় মঞ্চে। কিন্তু তার ব্যাটিং দেখে মনে হয়নি বিন্দুমাত্র চাপে আছেন। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্যাপটা পেয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির হাত থেকে। শ্রীলংকার প্রেমাদাসা স্টেডিয়ামে ১৩০ রান তাড়া করতে নেমে সেই জ্যোতির সাথেই গড়েছেন ম্যাচ জেতানো ৬২ রানের জুটি। অভিষেকেই পেয়েছেন ফিফটি, দলকে জিতিয়েছেন ৭ উইকেটে।
১১৩ বল হাতে রেখে পাওয়া এই জয় নারী বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয়। দুটো জয়ই এসেছে পাকিস্তানের বিপক্ষে। সর্বশেষ ২০২২ সালের আসরে নিউজিল্যান্ডের হ্যামিলটনে পাকিস্তানকে ৮ রান হারিয়েছিলেন জ্যোতিরা।
সহজ লক্ষ্য তাড়ায় নেমে ৩৫ রানে প্রথম দুই উইকেট পড়লেও ঝিলিকের ব্যাটে সেই চাপ উৎরে যায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে অধিনায়ক জ্যোতির সাথেও গড়েন ৬২ রানের দারুণ এক জুটি। জয় থেকে ৩৩ রানে দূরে থেকে জ্যোতি ফিরলেও ঝিলিক মাঠ ছেড়েছেন ম্যাচ জিতিয়ে। তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে অভিষেকে ফিফটি পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ৬৪ বলে ফিফটি ছোঁয়ার পর ইনিংস টেনে নিয়ে গেছেন ৮ চারে ৫৪* পর্যন্ত। জ্যোতির ব্যাট থেকে এসেছে ৪৪ বলে ২৩ রানের ইনিংস। শেষে ছয় বাউন্ডারিতে ১৯ বলে ২৪* রান করেছেন সোবহানা মোস্তারি।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মারুফার ধাক্কায় হোঁচট খায় পাকিস্তান। নতুন বলটা যেভাবে এই ডানহাতি পেসার যেভাবে কাজে লাগিয়েছেন সেটা ছিল দেখার মতো। অফ দ্য বল মুভমেন্ট, দারুণ সিম পজিশনের সুইংয়ে খাবি খাইয়েছেন পাকিস্তানি ব্যাটারদের। সেই ধারাবাহিকতায় ইনিংসের পঞ্চম বলে দারুণ এক ইনসুইংগারে ওমাইমা সোহাইলের লেগ স্টাম্প উড়িয়ে দেন মারুফা।
ফুল লেংথে পড়ে ভেতরে ঢোকা বল ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড হন এই ডানহাতি ওপেনার। পরের বলে ফিফথ স্টাম্প থেকে সুইং করিয়ে একইভাবে গোল্ডেন ডাকে বোল্ড করেন পাকিস্তানের তারকা ব্যাটার সিদ্রা আমিনকে। শেষ ছয় ইনিংসে আছে যারা দুটো সেঞ্চুরি।
মারুফার দারুণ সেই শুরুর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। ওপেনার মুনিবা আলী আর চারে নামে রামিন শামিম জুটি গড়ার চেষ্টা করেছিলেন, তবে নাহিদা আক্তারের জোড়া আঘাতে ফিরেছেন দুজনই। সিদ্রা নাওয়াজ-আলিয়া রিয়াজরা দুই অংকের ঘরেই দলীয় ১০০ রানের আগে সাত উইকেট হারিয়ে ফেলায় কার্যত পাকিস্তান ছিটকে যায় তখনই।
শেষদিকে দারুণ বল করেছেন স্বর্ণা আক্তার। প্রথম তিন ওভারের সবকটিই নিয়েছেন মেইডেন। একটা চার হজম করেছেন নিজের চতুর্থ ওভারে। ৩.৩ ওভারে স্পেল শেষ করেছেন তিন মেইডেন-সহ মাত্র পাঁচ রানে তিন উইকেট নিয়ে। পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার দিনে একটি করে উইকেট নিয়েছেন নিশি, ফাহিমা ও রাবেয়া।


